জগন্নাথপুরে শতাধিক পরিবারের মাঝে রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব’-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শতাধিক গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ‘ফ্যামিলি ফুড প্যাক’ বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে রানীগঞ্জ বাজারে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি মো. জুনায়েদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মন্তাজ। স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক জুবের উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং ক্লাবের আজীবন দাতা সদস্য আমেরিকা প্রবাসী হাজী আব্দুল খালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের আজীবন দাতা সদস্য সৌদি প্রবাসী মো. ছরুক মিয়া, উপদেষ্টা সদস্য রাজিব তালুকদার এবং সাংবাদিক গোলাম সারোয়ার।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ মুন্না ও নির্বাহী সদস্য শিপন আহমদ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রুবেল আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলীনুর রহমান, সাবেক সহ-অর্থ সম্পাদক লিকছন মিয়া, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক রহুল আমীন, সদস্য ফাহিম হোসাইন ও আলী আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে বন্যা, করোনা মহামারি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও প্রতি ঈদে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে তারা এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
