চামড়ার গুণগত মান রক্ষায় দোয়ারাবাজারে ইমাম ও কসাইদের বিশেষ প্রশিক্ষণ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম এমদাদুল হক।
কর্মশালায় অংশগ্রহণকারীদের রোগমুক্ত পশু নির্বাচন, নিরাপদ ও ধারালো অস্ত্র ব্যবহার করে পশু জবাই এবং চামড়া ছাড়ানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে চামড়া যাতে কোনোভাবেই ছেঁড়া বা কাটা না হয়, সে বিষয়ে বিস্তারিত কলাকৌশল শেখানো হয়। এছাড়া বাজারজাত করার পূর্বে সরকার কর্তৃক সরবরাহকৃত লবণ ব্যবহার করে সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের উপায় হাতে-কলমে প্রদর্শন করা হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, মোয়াজিন, কসাই এবং চামড়া ব্যবসায়ীসহ মোট ৭৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, প্রতি বছর অসচেতনতা ও অদক্ষতার কারণে প্রচুর কোরবানির চামড়া নষ্ট হয়ে যায়, যা জাতীয় অর্থনীতির জন্য বড় ক্ষতি। এই প্রশিক্ষণের মাধ্যমে কোরবানিদাতারা যেমন নিরাপদ উপায়ে পশু জবাই নিশ্চিত করতে পারবেন, তেমনি চামড়ার সঠিক মান বজায় রেখে ভালো দাম পাওয়া সম্ভব হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক জানান, পশুর চামড়া ছাড়ানোর দ্রুততম সময়ের মধ্যে পরিমাণমতো লবণ প্রয়োগ করলে চামড়া পচন থেকে রক্ষা পায় এবং এর বাণিজ্যিক মান অক্ষুণ্ণ থাকে। দেশের চামড়া শিল্প ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে এই সচেতনতা অত্যন্ত জরুরি।
