কুলাউড়ায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিস কুলাউড়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমিসেবা ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবং কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম শকু বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিপ্লব ঘটেছে। সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমাতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আগত সেবাগ্রহীতারা ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক পরামর্শ প্রদান করেন। বক্তারা জনগণকে ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ ও অভিযোগ জানানোর বিষয়ে সচেতন করেন।
তিন দিনব্যাপী এই মেলায় ই-নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ানের সার্টিফাইড কপি এবং ডিজিটাল মৌজা ম্যাপসহ ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে।
