বড়লেখায় টেকসই কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” এবং তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা ও কংগ্রেসের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন।
কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের মাঠপর্যায়ে যুগোপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি এবং বিভিন্ন সবজি ও ফলমূলের প্রদর্শনী করা হয়। অতিথিরা মেলায় অংশগ্রহণকারী উদ্ভাবনী তরুণ কৃষি উদ্যোক্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী তিন দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
