যুক্তরাজ্যের নিউহামে সুনামগঞ্জের শাহ সানোয়ার হোসেন কাউন্সিলর নির্বাচিত
যুক্তরাজ্যের লন্ডন বারার নিউহাম কাউন্সিলে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের শাহ সানোয়ার হোসেন।
নির্বাচনে তিনি তাঁর ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পেয়ে এই গৌরব অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনের মূলধারার রাজনীতি এবং লেবার পার্টির সাথে সম্পৃক্ত।
শাহ সানোয়ার হোসেন বাংলাদেশ থেকে সাফল্যের সাথে এলএলবি (আইন) ডিগ্রি অর্জন শেষে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরবর্তীতে তিনি লন্ডনের খ্যাতনামা ‘লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি’ থেকে বিবিএ সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি গত ২৬ বছর ধরে ব্রিটেনের পোস্ট অফিসে সুনামের সাথে কর্মরত আছেন। তিনি পোস্ট অফিস (রয়্যাল মেইল) ইস্ট লন্ডন ডিস্ট্রিক্ট অফিসের সাবেক ‘ওয়ার্ক এরিয়া ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি যুক্তরাজ্যের কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়ন-এর রমফোর্ড ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের বারবার নির্বাচিত ‘পলিটিক্যাল অফিসার’ এবং বিএএমই অফিসার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে শাহ সানোয়ার হোসেনের অবদান অনস্বীকার্য। তিনি ‘দক্ষিণ সুনামগঞ্জ প্রবাসী সংসদ, ইউকে’ এবং ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউকে’র সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ব্রিটেনের বিভিন্ন প্রভাবশালী ট্রেড ইউনিয়ন এবং শীর্ষস্থানীয় সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত আছেন।
শাহ সানোয়ার হোসেনের জন্ম সুনামগঞ্জের দক্ষিণ শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহাম বারায় সপরিবারে বসবাস করছেন।
ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর পরিবারও যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত।
ব্রিটেনের মূলধারার রাজনীতিতে শাহ সানোয়ার হোসেনের এই গৌরবোজ্জ্বল বিজয় এবং সর্বোচ্চ ভোট প্রাপ্তির অর্জনে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি তাঁর জন্মভূমি সুনামগঞ্জে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছে।

