নড়াইল থেকে নিখোঁজ কিশোরী মৌলভীবাজারে উদ্ধার
নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১৫) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। নিখোঁজ হওয়ার একদিনের মাথায় শনিবার (১৬ মে) রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প ও বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) নড়াইলের নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা করিম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি হওয়ার পরপরই পুলিশ ও র্যাব কিশোরীর সন্ধানে তৎপরতা শুরু করে। আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান মৌলভীবাজারের বড়লেখা এলাকায় শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় যৌথ অভিযান চালিয়ে আয়েশা করিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীর অবস্থান নিশ্চিত হয়ে আমরা র্যাব-৯ এর সহায়তায় দক্ষিণভাগ এলাকায় অভিযান চালাই। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পরিবারের কাছে ফিরে পেয়ে আয়েশার স্বজনরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
