কুরিয়ারে করে পাচারের সময় ভারতীয় জিরা জব্দ করল বড়লেখা পুলিশ
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের একটি বিশেষ অভিযানে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার হাজীগঞ্জ বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ২৪ বস্তা জিরা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বড়লেখা থানা পুলিশ ওই কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায়। তল্লাশিকালে ২৪ বস্তা ভারতীয় জিরার চালান পাওয়া যায়, যা বড়লেখার ‘খান এন্টারপ্রাইজ’ থেকে ঢাকার বাবুবাজার এলাকার ব্যবসায়ী আনিছ নামের একজনের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পণ্যের সপক্ষে বৈধ আমদানিপত্র বা পরিবহনের কোনো আইনি কাগজপত্র দেখাতে পারেননি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব জিরা বাংলাদেশে আনা হয়েছে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ২৪ বস্তা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
