জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযান: ২ দিনে ২০ মামলা
‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে থানা ও ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলে পৌর পয়েন্টের পুরাতন থানা এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, উল্টো পথে গাড়ি চালানো এবং ট্রাফিক সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। ট্রাফিক পুলিশ জানায়, গত দুই দিনে মোট ২০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মোটরসাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করা, ফিটনেস সনদ পরীক্ষা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে চালকদের সচেতন করা হয়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুজ্জামান বলেন, ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আমরা মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছি। জরিমানার চেয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই উদ্যোগ নিয়মিত চলবে। শুধু জরিমানা বা শাস্তি নয়, বরং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিবছর বহু মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, তাই দুর্ঘটনা কমাতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে।
