জগন্নাথপুরে পুলিশি অভিযানে ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল পৌর সদরের হবিবনগর এলাকা থেকে মাদক মামলার আসামি জুয়েল মিয়া (৪০)-কে গ্রেফতার করে। সে মৃত বারিক উল্লাহের ছেলে।
পৃথক অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের সুয়েব আহমদ (২৫) এবং বর্তমানে জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা মো. আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলায় অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ৩ আসামিকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
