বড়লেখায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় এক কেজি গাঁজাসহ রিপন রবি দাস (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১১ মে) রাতে উপজেলার অহিদাবাদ চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন রবি দাস উপজেলার কালিকাবাড়ী চা বাগান এলাকার শিবচরণ রবিদাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল সোমবার রাতে অহিদাবাদ চা বাগানের পাঞ্জা খানা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে রিপনের কাছ থেকে অবৈধ এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
