কুলাউড়ায় তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে হাওরে কৃষকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে বোরো ধান কাটতে গিয়ে তৈমুস মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে ইউনিয়নের শ্রীপুর হাওরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তৈমুস মিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শ্রীপুর হাওরের পাকা ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় বুধবার সকালে তৈমুস মিয়া সেই ফসল সংগ্রহের উদ্দেশ্যে হাওরে যান। বিকেল ৩টার দিকে ধান কাটার সময় তিনি হঠাৎ অসুস্থবোধ করেন এবং একপর্যায়ে মাঠেই অচেতন হয়ে পড়েন।
সাথে থাকা অন্য কৃষকরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর মতে, তৈমুস মিয়া এলাকায় একজন অত্যন্ত পরিশ্রমী ও সুপরিচিত মানুষ ছিলেন। জীবিকার তাগিদে বৈরী পরিস্থিতিতে ধান কাটতে গিয়ে তাঁর এমন আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন ও পুরো আদমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছিল।
