বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ১
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ একজনকে আটক করা হয়েছে। অভিযানে ৫ হাজার ৭৬০ কেজি জিরা এবং পাচারে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
শনিবার (২ মে) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৫১)। তিনি বড়লেখা উপজেলার আরিঙ্গাবাজার (দক্ষিণ) এলাকার মৃত আলফাজ আলীর ছেলে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার অভ্যন্তরে সমনবাগ নামক স্থানে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সাথে জিরার বাহক আবুল হোসেনকে আটক এবং পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন (এসইউপি) জানান, জব্দকৃত ভারতীয় জিরা প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে আটককৃত আবুল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। যথাযথ পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
