ভারতীয় বিড়িসহ বালাগঞ্জে একই পরিবারের ৪ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের বালাগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিড়ির পরিমাণ ৪ লাখ ২০ হাজার শলাকা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল (রোববার) দুপুরে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তারের দিকনির্দেশনায় বালাগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের দক্ষিণ খাঁপুর গ্রামের বাসিন্দা সমুজ আলীর বাড়িতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পুরুষ সদস্যরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ঘরের একটি কক্ষ থেকে ১০টি চটের বস্তায় ভর্তি ২০ কার্টুন ভারতীয় ‘সেখ নাছির উদ্দিন ১৪ নং বিড়ি’ উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত এসব বিড়ির পরিমাণ গণনা করে ৪ লাখ ২০ হাজার শলাকা নিশ্চিত করে পুলিশ।
এ ঘটনায় দক্ষিণ খাঁপুর গ্রামের সমুজ আলী (৫৯) এবং তার তিন ছেলে মো. তারেক মিয়া (৩৫), মো. আরিফ মিয়া (২৭) ও মো. শরিফ মিয়া (২০)-কে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(খ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্ত দিয়ে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব নিষিদ্ধ বিড়ি বাংলাদেশে নিয়ে আসছিল। তারা অধিক মুনাফার আশায় এসব পণ্য মজুত করে স্থানীয় বাজারে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।
