সরকারি চাল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
সিলেটের ওসমানীনগরে সরকারি চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে আবির আহমদ নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে অবস্থিত ‘আয়ান এন্ড ইয়াকুব বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ চাল মজুত দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিপন রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১২০ বস্তা চাল জব্দ করেন।
রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেখা যায়, চাল মজুতকারী ব্যবসায়ীর ফুড গ্রেইন লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা এবং সরকারি চাল মজুতের অভিযোগে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ী আবির আহমদ দাবি করেন, জব্দকৃত চাল তার ব্যক্তিগত এবং তা বৈধভাবেই কেনা। তবে লাইসেন্সের মেয়াদ না থাকায় তাকে এই জরিমানা করা হয়েছে। একইসাথে তিনি নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেন এবং এর প্রতিকারে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, সরকারি চাল অবৈধভাবে মজুত ও ব্যবহারের অভিযোগে আমরা এই অভিযান চালিয়েছি। লাইসেন্সের মেয়াদ না থাকায় তাকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
