ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা
সিলেটের ওসমানীনগরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি ২০২৬’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইনুল আহসানের সভাপতিত্বে ও এমটি ইপিআই নিউটন ধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু থেকে রক্ষা করতে এই টিকা অত্যন্ত কার্যকর। কোনো শিশু যেন এই জীবন রক্ষাকারী টিকা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার, মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন এবং ভারপ্রাপ্ত আরএমও ডা. অনন্যা জামান মৌ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূষণ দেব, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসাইন আহবাব, ইউপি সদস্য জুবায়ের আহমদ, বার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার সজল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান এবং সাংবাদিক নূরুল ইসলাম রেফুল প্রমুখ।
সমন্বয় সভা শেষে দুপুর সাড়ে ১২টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জনস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাদ্যের গুরুত্ব ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
