ওসমানীনগরের মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠছেন গ্রামবাসী
বর্তমান সময়ে মাদক একটি সর্বগ্রাসী সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এরই প্রেক্ষাপটে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে মাদকের বিস্তার ও অসামাজিক কার্যকলাপ ভয়াবহ আকার ধারণ করেছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় গ্রামবাসী এবার সরাসরি মাঠে নেমেছেন। তারা ইতোমধ্যে রাতের বেলা পাহারার ব্যবস্থা করেছেন। গত বৃহস্পতিবার মাদক নির্মূল ও আইনি সহায়তার দাবিতে ওসমানীনগর থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামতলা গ্রামটি একসময় শান্তি ও শৃঙ্খলার জন্য ‘আদর্শ গ্রাম’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু সম্প্রতি কিছু উশৃঙ্খল যুবক ও অজ্ঞাতনামা মাদক কারবারিদের অপতৎপরতায় সেই পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন, চুরি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। গ্রামের চারটি পাড়া নিয়ে পৃথক ও সম্মিলিত বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়—যে কোনো মূল্যে গ্রাম থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন,
আমরা আমাদের সন্তানদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। গ্রামতলাকে আবার শান্ত পরিবেশে ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ।
তবে এই উদ্যোগে ক্ষুব্ধ হয়ে উঠেছে মাদক ব্যবসায় জড়িতরা। অভিযোগ রয়েছে, তারা এখন সাধারণ গ্রামবাসীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তবুও গ্রামবাসী তাদের অবস্থানে অনড় রয়েছেন।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় আইনি সুরক্ষা পেলে তারা সম্মিলিতভাবে গ্রামকে মাদকমুক্ত করতে সক্ষম হবেন।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূইয়া বলেন,
এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
