ধর্মপাশায় আব্দুল মোতালিব খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা আব্দুল মোতালিব খানের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় স্থানীয় জয়শ্রী বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান বলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সুযোগ্য নেতৃত্বে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিএনপি আজ অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। দলের প্রতিটি নেতাকর্মী এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
জনগণের সেবক হিসেবে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি সবসময় আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্তুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এম এ কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল মেম্বার, সাবেক ইউপি সদস্য আবুল কালাম এবং জয়শ্রী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক রোশেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের মাগফিরাত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
