দোয়ারাবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা কনফারেন্স হলে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর ‘স্পেস টু লিড’ প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে শুধু কথা নয়, বাস্তব কাজের মাধ্যমে আমাদের এগোতে হবে। শিক্ষাই পারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় ‘অপরাজেয় বাংলাদেশ’-এর দোয়ারাবাজার উপজেলা কো-অর্ডিনেটর মো. আজমল হোসেন নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
দিবসের অন্যতম আকর্ষণ ছিল ‘শিক্ষাই হচ্ছে নারী ক্ষমতায়নের মূল হাতিয়ার’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শ্বাসরুদ্ধকর এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দোয়ারাবাজার সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা এবং দ্বিতীয় স্থান লাভ করে মুহিবুর রহমান মানিক গার্লস স্কুলের দল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, কিশোরী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।
