মামলার সাক্ষী হওয়ায় অসহায় নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ব শত্রুতা ও মামলার সাক্ষী হওয়ার জেরে এক অসহায় নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার টেংরাটিলা আজবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হুসনা বেগম (স্বামী রমজান আলী) জানান, ভোরে তার স্বামী ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে তিনি ঘরে একা ছিলেন। এই সুযোগে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে কাউছার দেশীয় অস্ত্র (দা-কুড়াল) নিয়ে তার বাড়িতে চড়াও হয়। হামলাকারী অতর্কিতভাবে বসতঘরের টিনের বেড়া ও দরজা এলোপাতাড়ি কুপিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউছারের বিরুদ্ধে ইতিপূর্বে একই গ্রামের আবুল কাসেম ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের হলে রমজান আলী ও তার স্ত্রী হুসনা বেগম আদালতে সাক্ষী দেন। এলাকাবাসীর ধারণা, সেই ঘটনার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে।
আর্তনাদ করে হুসনা বেগম বলেন, আমরা অসহায় মানুষ, কোনো অন্যায় করিনি। শুধুমাত্র সত্য কথা বলায় আমার মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে তছনছ করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।
ঘটনার পর অভিযুক্ত কাউছার আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
