বিয়ানীবাজারে ১৮ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজারে পুলিশি অভিযানে ১৮ বোতল অফিসার চয়েস মদসহ সুজন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক-নির্দেশনায় এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সহযোগিতায় এসআই হোসাইন মিয়া উপজেলার দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকায় এই ঝটিকা অভিযান চালান।
অভিযানকালে ১৮ বোতল অফিসার চয়েস মদসহ সুজন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন গোলাপগঞ্জ উপজেলার রনকেলী এলাকার মৃত কুরবান আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
