বিয়ানীবাজারে ফুলতলী মসলকের সমর্থন পেল বিএনপি
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয় করার প্রতিশ্রুতি দিয়েছে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম। নির্বাচন কমিশনে অনিবন্ধিত ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি প্রতিষ্টা করেন প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী। তাঁর প্রতিষ্ঠিত এই দলের অনুসারীদের সংক্ষেপে ফুলতলী মসলক বলে সম্বোধন করা হয়।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরশহরের সুপাতলা এলাকার লতিফিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় যে, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়ন স্বার্থে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার জন্য আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম এবং তাদের অনুসারীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
সভায় বিএনপির পক্ষে সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামের পক্ষে আল-ইসলাহর সংগঠক আব্দুর রহমান নিজামী, উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, পৌর সভাপতি হাজী বদরুল ইসলাম, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফিজ জফরুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, পৌর শাখার সভাপতি রিফাত আহমদ, কলেজ সভাপতি মফিজ উদ্দিন প্রমুখ।
সভায় আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামের সবকটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
