ভোটকেন্দ্রে আপনি একজন লিডার, আমানত রক্ষা করা ঈমানি দায়িত্ব
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, নির্বাচনী দায়িত্ব আপনার কাছে একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষা করা আপনার ঈমানি দায়িত্ব। মনে রাখবেন, পরকালে আল্লাহর কাছে এই আমানতের হিসাব দিতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজনগর উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ভোটকেন্দ্রে আপনি একজন লিডার। আপনাকে লিডারের মতোই কাজ করতে হবে এবং পুরো কেন্দ্রের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আদর্শ বা মতাদর্শ থাকতে পারে, কিন্তু দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। কাজ শুরুর আগেই নির্বাচনী আইন ভালো করে পড়ে নেবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
এবারের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, “এবার প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তার পাশাপাশি পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে, যার মাধ্যমে সবকিছু লাইভ মনিটরিং করা হবে।
তিনি কর্মকর্তাদের ভোটগ্রহণের অন্তত এক-দুই দিন আগেই নিজ নিজ কেন্দ্র ও আশপাশের এলাকা পরিদর্শন করার পরামর্শ দেন।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল সিকদারের সভাপতিত্বে ও জেলা নির্বাচন কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা অরবিন্দু দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি, ভোটগ্রহণের নিয়মাবলী এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
