নেতার মনোনয়ন প্রাপ্তিতে ছাগল মানত পূর্ণ করলেন বিএনপি নেতা
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের মনোনয়ন প্রাপ্তিতে নিজের করা ‘মানত’ পূরণ করেছেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম। কামরুজ্জামান কামরুল দলীয় মনোনয়ন (ধানের শীষ প্রতীক) পেলে এতিমদের জন্য ছাগল জবাই করবেন বলে তিনি যে মানত করেছিলেন, মঙ্গলবার তা নেতার হাতে তুলে দেওয়ার মাধ্যমে পূর্ণ করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে এক নির্বাচনী পথসভায় এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। শরিফুল ইসলাম নিজে তাঁর প্রিয় নেতার হাতে মানত করা ছাগলটি তুলে দেন। কামরুজ্জামান কামরুল সেটি গ্রহণ করেন এবং পরবর্তীতে তা স্থানীয় এতিমদের মাঝে বিতরণের অনুরোধ জানান।
এ সময় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল নেতাকর্মীদের এই অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার ও বুরহান উদ্দিন নেহাল।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ খোকন, যুগ্ম আহ্বায়ক হারুন ওর রশীদ সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সবুজ মিয়া, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, প্রিয় নেতার প্রতি তৃণমূলের কর্মীদের এমন আবেগ ও ভালোবাসা নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ছাগলটি পরবর্তীতে কামরুজ্জামান কামরুলের নির্দেশনা অনুযায়ী এতিমখানায় পৌঁছে দেওয়া হয়।
