নবীগঞ্জে বেপরোয়া গতির ডিআই গাড়ির চাপায় সিএনজি চালক নিহত
হবিগঞ্জের নবীগঞ্জে বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা ডিআই (পিকআপ) গাড়ির চাপায় মিন্টু মিয়া (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু মিয়া উপজেলার গুজাখাইর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাত সাড়ে ৫টার দিকে আউশকান্দি গ্যাস পাম্প থেকে নিজের গাড়িতে গ্যাস নিয়ে নবীগঞ্জ ফিরছিলেন মিন্টু মিয়া। পথে বাজকাশারা ব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত ডিআই গাড়ি তার সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়কের নিচে পড়ে যায় এবং চালক মিন্টু গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মিন্টু মিয়ার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সিএনজি শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক গাড়িটিকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
