কানাইঘাটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ
আগামী ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব বিরাজ করছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং ঐতিহাসিক নির্বাচনী জনসভা সফল করতে তৃণমূল পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, তারেক রহমান সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ওই দিন তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। তার এই আগমনকে ঘিরে কানাইঘাটের ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার সর্বত্র বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান সিলেটে আসছেন-এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এই জনসভাকে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত করতে কানাইঘাট থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সিলেটে সমবেত হবেন।
প্রস্তুতি সম্পর্কে তিনি আরও জানান, জনসভা সফল করতে ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট শহরে বসবাসরত কানাইঘাটের নেতৃবৃন্দ ও উপজেলা-পৌর বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের যাতায়াতের জন্য ইতিমধ্যে অর্ধশতাধিক গাড়ি রিজার্ভ করা হয়েছে এবং কানাইঘাটে ধারাবাহিকভাবে প্রস্তুতিমূলক সভা করা হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আগামী ২২ জানুয়ারির জনসভায় দলে দলে যোগদান করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কানাইঘাটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই জনসভার মধ্য দিয়ে সিলেটে বিএনপির পুনর্জাগরণ ঘটবে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে।
