ওসমানীনগরে বিশেষায়িত ‘প্রবীণ কর্নার’ উদ্বোধন করলেন সিভিল সার্জন
সিলেটের ওসমানীনগরে ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রমের আওতায় একটি বিশেষায়িত ‘প্রবীণ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মো জয় দত্ত, গাইনি কনসালটেন্ট মনিকা বিশ্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান এবং ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ। এছাড়াও দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন এবং মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম, ডা. গালমান ও ডা. তাসলিমাসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় যোগ দিয়ে জনবান্ধব সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
হাসপাতালের পূর্ণাঙ্গ অনুমোদন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. মো. নাসির উদ্দিন বলেন, প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি দ্রুতই সরকারি অনুমোদন পাওয়া যাবে।
তিনি আরও জানান, সাময়িকভাবে প্রাথমিক সেবা চালুর বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্যকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত একটি শীতকালীন পিঠা উৎসব পরিদর্শন করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিশেষায়িত ‘প্রবীণ কর্নার’ চালু হওয়ার ফলে উপজেলার প্রবীণ নাগরিকরা ভোগান্তিহীনভাবে দ্রুততম সময়ে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
