ফুকাহা পরিষদের সম্মাননা সেরিমনি ও ‘আল ইফতা’র মোড়ক উন্মোচন
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ফুকাহা পরিষদের উদ্যোগে ফিকাহ বিভাগের প্রথম ব্যাচের ফকিহদের বিদায় সংবর্ধনা, বর্ণাঢ্য সম্মাননা সেরিমনি ও মুখপত্র ‘আল ইফতা’-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাদরাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাজুল উলামা আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ ও ফুকাহা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন ফুকাহা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো. লোকমান খান নবীন।
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ফুকাহা পরিষদের গবেষণামূলক মুখপত্র ‘আল ইফতা’-এর মোড়ক উন্মোচন।
অতিথিরা এই প্রকাশনার ভূয়সী প্রশংসা করে বলেন, মাদরাসার শিক্ষা ও উচ্চতর ইসলামি গবেষণার ক্ষেত্রে ‘আল ইফতা’ একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পরে ফিকাহ বিভাগের প্রথম ব্যাচে উত্তীর্ণ ফকিহদের হাতে প্রধান অতিথি সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদেরকে বিশেষ গ্র্যাজুয়েশন ক্যাপ ও আবায়া পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আমীনুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা কবিরুজ্জামান নিজামী, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক ও মাওলানা এম ফয়জুল ইসলাম।
বিদায়ী ফকিহদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মাওলানা মুফতি সিহাব উদ্দিন, মাওলানা মুফতি আব্দুল মুমিন সিরাজী, মাওলানা মুফতি শেখ জহিরুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুল মুকিত, মাওলানা মুফতি আশরাফুল আলম আজাদ, মাওলানা মুফতি হাফিজুর রহমান জুয়েল ও মাওলানা মুফতি শহীদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবীন ফকিহদের দেশ ও জাতির কল্যাণে ফিকাহ শাস্ত্রের সঠিক জ্ঞান প্রচারের আহ্বান জানান।
