ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২
সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। গতকাল রবিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর তিলাপাড়ার বাসিন্দা বারিক উদ্দিন ও আব্দুল আজিজের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে স্থানীয় একটি মসজিদের রাস্তা নিয়ে দুই পরিবারের বিরোধ চরম আকার ধারণ করে। এছাড়া দুই মাস আগে গাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনায় উভয় পক্ষই আদালতে একাধিক মামলা দায়ের করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষ বারিক উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই রায়হান আহমদ বলেন, আমার ভাই সিলেট থেকে বাড়ি ফেরার পথে বারিকের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতার চাই।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
