আল্লাহর সন্তুষ্টির জন্য করা দান আখেরাতে নাজাতের উসিলা: আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী
উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করেন, তাদের দুনিয়াবী ফায়দার চেয়ে আখিরাতের ফায়দা অনেক বেশি। এই দানের কিছু প্রতিদান কবরে এবং বাকি সবটুকু আখিরাতে পাওয়া যায়। তবে দানের মধ্যে যদি লোক দেখানো মনোভাব থাকে, তবে সেই দান আল্লাহর দরবারে কবুল হয় না। এই লৌকিকতাকে শরিয়তের পরিভাষায় ‘রিয়া’ বলা হয়, যা মূলত ‘শিরকে খফি’ বা গোপন শিরক।”
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল তরবিয়ত ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ৬ নম্বর টেংরা ইউনিয়ন শাখা এ মাহফিলের আয়োজন করে।
আল্লামা ফুলতলী আরও বলেন, “আপনারা যারা অভাবগ্রস্তদের হুইল চেয়ার, ক্রাচ, সেলাই মেশিন, কম্বল ও ছাগল দান করে তাঁদের প্রয়োজন পূরণ করলেন; আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাদের কষ্ট দূর করবেন।” রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যারা এতিম ও বিধবাদের দুর্দশা দূর করার চেষ্টা করে, তা আল্লাহর পথে জিহাদ করার শামিল।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, “কৈশোরের অনেক স্মৃতি আছে যেখানে মা-বাবা আমাদের উৎসাহিত করেছেন। কাদা মাখা পথ, পাহাড়-পর্বত অতিক্রম করে যেন অসহায় মানুষের খেদমত করতে পারি—সেই প্রেরণা নিয়ে আজও আমি অসহায় মানুষের মৃত্যুতে তাঁদের এতিম সন্তানদের পাশে ছুটে যাই।”
টেংরা বাজার মাজার মসজিদের খতিব মাওলানা হাফিজ তারেক আহমদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী ও মাওলানা মারজান আহমদ চৌধুরী।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফিয়া হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল-ইসলাহ নিউ ইয়র্ক সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ কাওছার আহমদ, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মাহবুব রহমান ফরহাদ, মৌলভীবাজার জেলা আল-ইসলাহ’র সভাপতি মুফতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ এনামুল হক, মাওলানা লোকমান আহমদ চৌধুরী সাদী, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সম্পাদক মাওলানা জিল্লুর রহমান এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাফিজ আলাউর রহমান টিপু প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে দুপুর থেকে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান ও হযরত সর্দার শাহ (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল পর্বের আগে আয়োজকদের পক্ষ থেকে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার, ক্রাচ, সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
