শাবিতে মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ, আবদুল¬াহ আল মালেক চৌধুরী, আব্দুস সবুর, হাবিবুর রহমান, সৈকত হোসেন ও মৌরি দেবনাথ প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের একটি টিম উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের সাথে সাক্ষাৎ করে মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি অবগত করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মামুনের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কারো সাথে কোনোদিন তিনি রাগ করে কথা বলেন নি। জুলাই আন্দোলন শুরু হতেই তিনি হল ছেড়ে চলে যান। আন্দোলনেও তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাকে আমরা কোনোদিন বিড়ি-সিগারেট খেতে দেখি নি। অত্যন্ত সহজ সরল মানুষ তিনি। তাকে অস্ত্র ও মাদকের অভিযোগে বহিষ্কার করা হয়েছে যা ভিত্তিহীন। আমরা দ্রুত এ বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই। উল্লেখ্য, শাহপরাণ হলে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় আজীবন বহিষ্কৃত হোন মামুন।

