শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে নবীনবরণ
শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ সেশনে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য নবীনবরণ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন শুধু তোমাদের নিজের নয়। তোমাদের পরিবার, সমাজ এবং দেশেরও স্বপ্ন। এই স্বপ্ন পূরণে তোমাদের নিষ্ঠা ও পরিশ্রমের বিকল্প নেই। এই প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানটি সিলেট বিভাগের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি শিক্ষার্থীদের পিতামাতাকে মান্য করা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম ও মানসিক সুস্থতা বজায় রাখার আহ্বান জানান। কোনো সমস্যা বা দুশ্চিন্তা দেখা দিলে শিক্ষক, সহপাঠী কিংবা সিনিয়রদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মনে রাখবে, একে অপরের পাশে থাকলেই আমরা এগিয়ে যেতে পারি।
কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, মানুষের জীবনে একটি বড় লক্ষ্য থাকে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমরা ছোটবেলা থেকেই নানা স্বপ্ন দেখি, এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই এগিয়ে যাওয়ার পথে যে ধাপগুলো রয়েছে তার প্রথম ধাপ হলো এসএসসি। তোমরা সেই প্রথম ধাপটি সফলতার সঙ্গে অতিক্রম করেছো। তবে মনে রাখতে হবে, এটাই যেন শেষ না হয়। এই অর্জনকে পাথেয় করে সামনে আরও ভালো করতে হবে। আশা করি, তোমরা এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়েই নিজেদের জায়গা করে নাও এবং দেশ ও জাতির জন্য অবদান রাখো।
স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহিদুল হক এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মুরাদ।
স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিগ্বিজয় চক্রবর্তী।
অনুষ্ঠানে ১৯৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং স্কুল এন্ড কলেজের একাডেমিক, সহশিক্ষা ও অন্যান্য কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

