বৈষম্যহীন সমাজ গঠনে শাল্লাবাসীর অঙ্গীকার
জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (২৬ জুলাই) উপজেলা গণমিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, একটি সভ্য জাতির চেহারা ধরা পড়ে তার নারীর চোখে, তার শিশুর হাসিতে।
উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তাঁর বক্তব্যে আরও বলেন, সামাজিক নিরাপত্তার চাদরে সযত্নে ঢাকা থাকুক নারী, শিশুসহ অবহেলিত সকল শ্রেণীর পেশার মানুষ। রাষ্ট্রীয় সেবা হোক সকল জনগণের অধিকার, আর জনমানুষ হোক আত্মশক্তিতে বলীয়ান।
তিনি মানুষের সম্ভাবনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীর সব মানুষ সম্ভাবনাময়, শুধু দরকার একটুখানি সহায়তা, একটুখানি আস্থা। আজ প্রতিজ্ঞা করছি আমরা সেই আস্থা হব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা থানার এএসআই পুলন দেব এবং শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রতিবন্ধী কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
