শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ৭ চোরসহ আটক ৯
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার কামারগাঁও গ্রামে এই অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে হাওরপাড়ের বিভিন্ন গ্রামে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল, যার প্রেক্ষিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কামারগাঁও গ্রামের মো. হারুন মিয়া (৫৫), মো. আকাশ মিয়া (২০), সাজিদুল মিয়া (৩২), মো. কবির মিয়া (২৮), মাহফুজ মিয়া (১৯), মো. সোলেমান মিয়া (৩৫) এবং জসিম মিয়া (৩৫)। তাদের জিজ্ঞাসাবাদে চুরি হওয়া একটি বড় নৌকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার (২২ জুলাই) সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, একই রাতে উপজেলার কালনী ব্রিজের সরঞ্জাম চুরি করার সময় স্থানীয় জনতা দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন শাল্লা গ্রামের আবুল বাশার (২৫) এবং সেননগর গ্রামের জুয়েল মিয়া (২৪)।
পুলিশ জানিয়েছে, এই দুইজনকে আলাদা মামলায় জেলহাজতে পাঠানো হবে।
ওসি মো. শফিকুল ইসলাম আরও বলেন, থানায় জনবলের স্বল্পতা থাকা সত্ত্বেও যেসব এলাকায় চোরদের উপদ্রব রয়েছে, সেখানে চুরি নির্মূল করার লক্ষ্যে শাল্লা থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোরদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
