সিলেটেও চলবে মেট্রোরেল
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বরাবরই চমক দেখাতে পছন্দ করেন। যার প্রমাণ সিলেটের মানুষ বারবার পেয়েছেন। এরই ধারাবাহিকতায় সিলেটবাসীর জন্য ফের চমক নিয়ে আসছেন তিঁনি। আর তা হচ্ছে রাজধানী ঢাকার ন্যায় সিলেট মহানগরীতেও মেট্রোরেল চালুর উদ্যোগ নিয়েছেন।
৩০ জানুয়ারি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সিলেটের যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তাঁর প্রস্তাব অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট শহর পর্যন্ত মেট্রোরেল এবং সিলেট শহরের সার্কুলার রিংরোডের প্রস্তাব সড়ক ও জনপথ অধিদপ্তরের মাস্টারপ্লানে অন্তর্ভুক্ত হয়েছে।
বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেল বাস্তবায়ন হলে সিলেটের ব্যাপক উন্নয়ন হবে। যানজট কমে যাবে সময়ও বাঁচবে। সিলেটের পর্যটন শিল্পে যোগ হবে নতুন মাত্রা। প্রকৃত অর্থে সিলেট একটি আধুনিক নগরের মর্যাদা লাভ করবে।

