শাবিতে মধ্যরাতে নেচে-গেয়ে উল্লাস
বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরো বিশ্বের মতো শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বকাপের আমেজ, তৈরি হয়েছে উত্তেজনা।
শিক্ষার্থীদের এই উৎসব-উত্তেজনা-উদযাপনে পাশে থাকতে বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮নভেম্বর) রাতে ব্রাজিল-সুইজারল্যান্ডের মধ্যকার সরাসরি খেলাটি বড় পর্দায় দেখানোর আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই খেলা দেখানোর আয়োজন করা হয়।
আর এ আয়োজনে কাতার বিশ্বকাপের আলাদা এক আমেজ তৈরী হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।ওই দিন দুই গোলে ব্রাজিলের জয়ে মধ্যরাতে হলুদ দলের সমর্থকদের উল্লাসে প্রাণবন্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়। নেচে-গেয়ে জয়ের উন্মাদনাকে আরও বর্ণিল করেন ব্রাজিল সমর্থকরা, যার আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।
প্রস্তুতিতে পিছিয়ে নেই আর্জেন্টিনা সমর্থকরাও।বুধবার রাতে পোল্যাণ্ডের বিপক্ষে জিতলেই আরও বর্ণিল উৎসব উদযাপনে 'বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে' মেতে উঠবেন তাঁরা। এমনটি জানিয়েছেন শাবিপ্রবির আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা।
ছাত্রলীগ নেতা সজীবুর রহমান বলেন, বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে সারাবিশ্ব। এই আনন্দের বাইরে নয় আমাদের ক্যাম্পাসের ভাই-বোনেরা। ছাত্রলীগ গঠনমূলক কাজে সবসময় অংশগ্রহণ করে আসছে। বিশ্বকাপের এই আমেজে অংশগ্রহণ করতে পেরে শাবিপ্রবি ছাত্রলীগ আনন্দিত।
রিপোর্ট: শিপন চন্দ জয় ও ভিডিও: জনি শর্মা

