শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় অংশ নেয় তিন, ছুরি চালায় কামরুল
ছিনতাই করতেই খুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় হত্যারহস্য উদঘাটন করেছে করেছে পুলিশ।ছিনতাই করতেই খুন করা হয় বুলবুল আহমেদকে।এ ঘটনার সঙ্গে তিনজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং বুলবুলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় বুলবুল ও তার বান্ধবী উর্মি বিশ্ববিদ্যালয়ের গাজিকাটিলায় ঘুরতে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আবুল, কামরুল ও হাসান ছিনতাইয়ের উদ্দেশে বুলবুলকে ঝাপটে ধরেন। এ সময় ব্যাপক ধস্তাধস্তির এক পর্যায়ে ঘটনার অন্যতম হোতা কামরুল তারা হাতে থাকা ছুরি দিয়ে বুলবুলকে আঘাত করেন। উপর্যুপরি ছুরিকাঘাতে ব্যাপক রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে থাকা তিনজন তিন দিকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পর প্রথমে আমরা আবুল হোসেনকে গ্রেফতার করি। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে কামরুল আহমদ (২৯) ও হাসানকে (১৯) গ্রেফতার করা হয়। এ সময় নিহত বুলবুলের মোবাইল ও হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়। বর্তমানে তারা জালালাবাদ থানায় পুলিশের হেফাজতে আছে। তাদের আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশে ছুরিকাঘাতে খুন হন ২২ বছর বয়সী শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীকে যখন ছুরিকাঘাত করা হয় তখন টিলায় তার সঙ্গে ছিলেন বান্ধবী ঊর্মি। ছুরিকাঘাতে আহত বুলবুলকে ওসমানী হাসপাতালে আনা হলে ঊর্মির সেখানে যান। কিছুক্ষণ পর বুলবুল মারা যান।
এ ঘটনায় গ্রেফতার করা হয় এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও গ্রামে মো. আনিছ আলীর ছেলে মো. আবুল হোসেন (১৯), গোলাব আহমদের ছেলে কামরুল ইসলাম (২৯) মৃ তছির আলীর ছেলে মো. হাসানকে (১৯)।
আটককৃতদের জবানবন্দিতে বুলবুল হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ঘটনায় জালালাবাদ থানায় দায়েরকৃত মামলায় (২৮/১৭৯(০৭)২০২২) বুধবার তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
ছবি ও ভিডিও: আজমল আলী

