জৈন্তাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
জৈন্তাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনের উপর এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সভা প্রধান হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর বিভিন্ন কর্মসূচি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন ইতিহাস-ঐতিহ্য ও খনিজ সম্পদে ভরপুর একটি জনপদ জৈন্তাপুর উপজেলা। এখানে যতেষ্ট মৎস্য সম্পদও রয়েছে, যা বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। আমরা মাছে-ভাতে বাঙ্গালি, তাই মানবদেহে প্রোটিনের ঘাটতি পূরণে মৎস্য সম্পদের বিকল্প নেই। একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি আরো বলেন জৈন্তাপুর উপজেলায় বিগত অর্থবছরে মাছের উৎপাদন ছিল ৫ হাজার ৮ শ ৫২ মেট্রিকটন, আর চাহিদা ছিল ৪ হাজার মেট্রিকটন। আন্তর্জাতিক ক্ষেত্রেও মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান খুবই ভালো। মৎস্য সম্পদ ধ্বংসের হাতিয়ার কারেন্ট জাল প্রতিরোধে আমরা সবসময় তৎপর। সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে সর্বত্র কারেন্ট জালে সয়লাব ছিল, আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে একাধিকবার অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করেছি। এবারের ভয়াবহ বন্যায় জৈন্তাপুর উপজেলার ছোট-বড় ফিশারী থেকে শুরু করে বহু খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি, আশা করি চাষিরা নুন্যতম হলেও সরকার থেকে সহায়তা পাবেন।
এছাড়াও আমরা নিয়মিত মৎস্যচাষি এবং মৎস্যজীদের প্রশিক্ষণের পাশাপাশি মৎস্য খামারগুলো পরিদর্শণ, বিভিন্ন রোগ বালাইয়ের উপর পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করে যাচ্ছি। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ একটি জাতীয় কর্মসূচি। এতে র্যালি, আলোচনা সভা, সফল খামারীদের পুরস্কার প্রদান, উন্মোক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা সহ যাবতীয় বিষয় সরকার কর্তৃক চাষিদের উৎসাহী করা। নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। বর্তমান সরকারের এসডিজি, জিডিপি এবং ভিশন বাস্তবায়নের আমাদের মৎস্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা যদি সবাই আন্তরিকভাবে কাজ করি তবেই আশা করতে পারি ২০৪১ সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধশালী উন্নয়নশীল বাংলাদেশ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক ফয়েজ আহমদ, আব্দুল হালিম, গোলাম সরওয়ার বেলাল, শাহাজাহান কবির খান, মীর মো. শোয়েব আহমদ, সেলিম আহমদ, সোয়েব উদ্দি, নাজমুল ইসলাম, সালমান শাহ, এম এম রুহেল প্রমুখ।
