প্রথমবারের মতো একসঙ্গে বসছেন ট্রাম্প-শি-পুতিন, কী নিয়ে হবে আলোচনা?
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা আগামী সপ্তাহে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের প্রযুক্তি নগরী শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, তিন দেশের বৈঠককে পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে সমঝোতায় পৌঁছানোর সুযোগ হিসেবে দেখছেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক নিউ স্টার্ট বা নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর চুক্তিটির মেয়াদ আরও এক বছর বাড়ানোর রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। একই সঙ্গে চীনের অংশগ্রহণে একটি ‘নতুন, উন্নত ও আধুনিকায়িত’ চুক্তির দাবি জানান তিনি।
তবে বৈঠক থেকে বড় ধরনের কোনও সমঝোতার প্রত্যাশা করা হচ্ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমরা কোনও ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছি না। এই বৈঠক মূলত আলোচনার সূচনা।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প বৈঠকে শি ও পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান। তবে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের বিষয়টি এড়িয়ে যাবেন তিনি। ওই কর্মকর্তা আরও জানান, ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাবেন ইলন মাস্ক। তবে তিন নেতার বৈঠকে তিনি অংশ নেবেন না। এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠকের কোনও সম্ভাবনা নেই।
তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বব্যবস্থা নির্ধারণে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা অংশ নিয়েছিলেন। তবে এ তুলনা নাকচ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, শেনজেনের বৈঠকে যেসব সমঝোতা হবে, তা অন্যদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তা সত্ত্বেও বৈঠকটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন তিনি।

