মালয়েশিয়ায় দুর্ঘটনায় মারা গেলেন জকিগঞ্জের রাজন
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের জকিগঞ্জের প্রবাসী রাজন বিশ্বাস (২৬)। গত বৃহস্পতিবার সকালে দেশটির বান্টিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর মাত্র ২৬ দিন আগে দেশে তার একটি পুত্রসন্তানের জন্ম হয়েছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই তরুণের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাজন বিশ্বাস জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের ভূষণ রাম বিশ্বাসের ছেলে। জীবিকার সন্ধানে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। গত বছর দেশে ফিরে কয়েক মাস আগে আবারও কর্মস্থলে যোগ দিতে মালয়েশিয়ায় যান।
রাজনের বাবা ভূষণ রাম বিশ্বাস জানান, ঘটনার দিন বিকেলে ছেলের মৃত্যুর খবর পান তারা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তারা দিশাহারা। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। এ জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি।
বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমান রাজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।
দুর্ঘটনার বিবরণ দিয়ে মো. সিদ্দিকুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন রাজন। বান্টিং এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

