মৌলভীবাজারে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা বিএনপির পৃথক উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাস এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ প্রশস্ত হয়েছিল।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মেয়রের চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
