শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু জব্দ, গ্রেফতার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই শ্যাম্পুসহ আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত শ্যাম্পুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় ওই ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২টি কার্টন উদ্ধার করে। কার্টনগুলো খুলে প্রতিটি ২৪ পিস করে মোট ২৮৮টি ভারতীয় 'WishCare Multi-Peptide Anti Hairfall' ব্র্যান্ডের ২৫০ মিলিলিটারের শ্যাম্পুর বোতল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন উদ্ধারকৃত এসব শ্যাম্পুর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি স্বীকার করেন, অজ্ঞাতনামা ২-৩ জনের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব প্রসাধন সামগ্রী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
