তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
সভায় আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, বিএনপি নেতা হারুনুর রশিদ, শাখাওয়াত হোসেন এবং জুবায়ের জয়নালসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই কালজয়ী বিপ্লবের মাধ্যমেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়। বক্তারা ৭ নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
