জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বাণিজ্যমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও স্বজনপ্রীতিমুক্ত নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত অনুসরণ করেই বর্তমানের ধ্বংসপ্রায় বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, শহীদ জিয়ার বলিষ্ঠ নেতৃত্বেই একাত্তর-পরবর্তী একটি ভগ্নপ্রায় দেশ ঘুরে দাঁড়িয়েছিল এবং বিশ্বমঞ্চে নিজস্ব আত্মমর্যাদা অর্জন করেছিল।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে আজ মুক্ত পরিবেশে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপনের সুযোগ তৈরি হয়েছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল। কিন্তু দেশপ্রেমিক সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লব শহীদ জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেয়। পরবর্তীতে জিয়াউর রহমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ ও মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক তৈরি করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির এই পুনরুত্থানকে নস্যাৎ করতে এখনো নানা ষড়যন্ত্র চলছে। অপপ্রচার ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। বিগত ১৭ বছর যেভাবে শত জুলুম-নির্যাতন সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখেছিলেন, আগামী দিনেও সেই ঐক্য ও শৃঙ্খলা অটুট রাখতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘১৭ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাঝে যে রাজনৈতিক ঐক্য ও জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছে, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার রাজনীতিতে বিশ্বাসী। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সমাবেশে আরও বক্তব্য দেন—সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের হয়। বাদ্যযন্ত্র ও বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন।

