বিগত ১৭ বছর ধরে জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে: এমপি লুনা
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ১৭ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও তাঁর কালজয়ী আদর্শ মুছে ফেলার জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। এমনকি ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসও জনগণকে যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। কিন্তু ইতিহাস কখনো চাপা দিয়ে রাখা যায় না, সত্যের প্রকাশ ঘটবেই। যারা জিয়া পরিবারকে মুছে দিতে চেয়েছিল, আজ তারা দেশে থাকার মতো পরিস্থিতিতে নেই, দেশ ছেড়ে পালিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় দলের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত ১৭ বছরে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের প্রতিটি খাতে তীব্র সংকট তৈরি হয়েছে। চারদিকে এখনো হতাশা ও অপ্রাপ্তির ছাপ। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। বরাদ্দকৃত অর্থ যদি দুর্নীতি ও লুটপাট না হয়, তবে দেশের মানুষ প্রকৃত ও টেকসই উন্নয়ন দেখতে পাবে।
সুবিধাবাদীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সংকটকালীন সময়ে যারা রাজপথে ছিলেন না, তারা এখন ভোল পাল্টে বিভিন্ন ব্যানারে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। ভবিষ্যতে যারা দুর্নীতি ও জাতীয় সম্পদ লুটপাটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, শ্রমিক দলের আহ্বায়ক শাহাব আলী এবং ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা সদরে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
