বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সবুর, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল। এই চেতনাকে বুকে ধারণ করে দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, জাতীয় উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ভুলে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করাই ৭ নভেম্বরের মূল শিক্ষা। বক্তারা নতুন ও তরুণ প্রজন্মের কাছে এই দিনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
