শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা, গুরুত্ব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামিম আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। বক্তারা ৭ নভেম্বরের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

