শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত অন্তত ১৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মন্নার মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মন্নার মিয়া ওই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের বাসিন্দা আজব আলী ও রূপ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জায়গা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই বিরোধপূর্ণ জায়গায় রূপ মিয়ার লোকজন বেড়া দিতে যান। এ সময় আজব আলীর পক্ষের লোকজন বেড়া তুলে ফেলতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে রূপ মিয়ার পক্ষের মন্নার মিয়া প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান জানান, জায়গা-জমি নিয়ে আজব আলী ও রূপ মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মন্নার মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং উভয় পক্ষের প্রায় ১৬ জন আহত হয়েছেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির সুরতহাল ও আইনগত প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
