সিলেটে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী বইমেলা
সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১২ দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বইমেলা সফল ও স্বার্থক করার লক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘আলোকিত সিলেট’-এর উদ্যোগে এবং জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হচ্ছে।
বইমেলার আহ্বায়ক নাহিদ আহমদের সভাপতিত্বে এবং কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান।
সভায় বক্তারা বলেন, বই মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি অনুরাগী করে তুলতে এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করতে বইমেলার গুরুত্ব অপরিসীম। সিলেটের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে এই আয়োজনকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
সভায় আরও বক্তব্য দেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, আলোকিত সিলেটের সহসভাপতি জগলুল হক ও আব্দুল আউয়াল মিসবাহ, জাসাস নেতা আল-আমিন, সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, প্রকাশক মো. জসিম উদ্দিন, আলোকিত সিলেটের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, নাট্যকার কামাল আহমদ, কবি জেসমিন বেগম, আতিকুল ইসলাম, মো. কাজিম আহমদ ও মোশাহিদ মিয়া প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে বই বিক্রির পাশাপাশি প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতাপাঠের আসর।
এ ছাড়া বর্তমানে বইমেলার স্টল বুকিং কার্যক্রম চলছে। আগ্রহী প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ০১৭১২-৯৬১৭৩৫ অথবা ০১৭৩৪-৯২১১৩৫ নম্বরে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

