রাষ্ট্র সংস্কারের ভিশন বাস্তবায়নে যুবদলকেই নেতৃত্ব দিতে হবে : খন্দকার মুক্তাদির
উৎসাহ-উদ্দীপনা ও বিশাল শোডাউনের মধ্য দিয়ে সিলেটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ভিশন বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগানো জরুরি।
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই যুবদলকে আরও সুসংগঠিত করে মানুষের আস্থা অর্জন করতে হবে।
মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে রয়েছে। নতুন ও পুরোনো নেতাকর্মীদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে যুবদল কাজ করে যাবে।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, কোনো হিংসা, প্রতিহিংসা বা রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার যুবদলের আদর্শ নয়। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সম্মান রক্ষা করা এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করাই আমাদের মূল লক্ষ্য।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সমাবেশ শেষে রেজিস্ট্রি মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সাবেক সভাপতি পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলার সহ-সভাপতি মকসুদ করিম নোহেল, জেলার ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগরের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলার সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব ও মহানগরের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ সিলেট জেলা ও মহানগরের আওতাধীন ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

