মাদক সেবনের টাকার জন্য মা-বাবাকে মারধর
হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের টাকার জন্য মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মো. ইসমাইল মিয়া (২৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকার মল্লাই মিয়ার ছেলে। অভিযানে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ইসমাইল প্রায়ই মাদকের টাকার জন্য নিজের মা-বাবাকে শারীরিক নির্যাতন করতেন এবং ঘরে ভাঙচুর চালাতেন। ছেলের এমন উশৃঙ্খল ও অমানবিক আচরণে অতিষ্ঠ হয়ে অবশেষে মা-বাবা উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন এবং ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ইসমাইলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

